২০ অক্টোবর ২০২৬যোগাযোগ
স্মার্ট সংবাদে আগামীর সাথে
শিরোনাম

বরিশালে ২৬ অক্টোবর পালিত হবে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬

দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল ও আত্মনির্ভরশীলতা সম্পর্কে সচেতনতা বাড়াতে বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ পালিত হবে। ২৬ অক্টোবর কাশিপুরে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সাদাছড়ি বিতরণ করা হবে।

একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি সাদা চুরি নিয়ে দাঁড়িয়ে আছেন
একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি সাদা চুরি নিয়ে দাঁড়িয়ে আছেন

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে আগামী ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, সকাল ১১টায় বরিশাল নগরীর কাশিপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বছরের অনুষ্ঠানের প্রতিপাদ্য— “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত সচিব জনাব খলিল আহমেদের। এ ছাড়া পুলিশ সুপার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সাদাছড়ি বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনভাবে জীবনযাপন এবং সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে।

সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের পথে প্রতিবন্ধকতা শনাক্ত করতে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তবে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সাদাছড়ির পাশাপাশি পথচারীবান্ধব অবকাঠামো, সচেতন নাগরিক এবং সহযোগিতাপূর্ণ সামাজিক পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার সভাপতি মো. আইউব আলী হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানটি আয়োজনের প্রস্তুতি চলছে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি তাঁদের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল জীবনযাপনের সুযোগ সম্প্রসারণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা আরও জোরদার হবে।